০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

আসছে ‘রুদ্র: দ্য স্টোরি অফ আ গ্যাংস্টার’

শুক্রবার সারা দেশে মুক্তি পাচ্ছে সায়েম জাফর ইমামী নির্মিত ‘রুদ্র: দ্য স্টোরি অফ আ গ্যাংস্টার’ সিনেমাটি। অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমাটিতে অভিনয় করেছেন এবিএম সুমন ও পিয়া বিপাশা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2016, 03:47 PM

Updated : 11 Oct 2022, 08:13 PM

‘অচেনা হৃদয়’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে এরমধ্যেই ঢাকাই সিনেমায় অভিষিক্ত হয়েছেন এবিএম সুমন। এবার ‘রুদ্র: দ্য স্টোরি অফ আ গ্যাংস্টার’-এর মাধ্যমে প্রথমবারের মতো রূপালি পর্দায় দেখা যাবে মডেলিং জগতের চেনা মুখ পিয়া বিপাশাকে।

ক্যারিয়ারের প্রথম সিনেমাতেই দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন পিয়া। সিনেমাটি নিয়ে খুবই আশাবাদী তিনি।

এ ব্যাপারে গ্লিটজকে পিয়া বলেন, “নিজের প্রথম সিনেমা, তাই ভেতরে এক ধরণের উত্তেজনা কাজ করছে। সত্যি বলতে, যখন প্রথম প্রথম শুটিং করেছিলাম তখন তো এখনকার মতো ভালো অভিনয় করতে পারতাম না। তাই এক ধরনের ভয়ও কাজ করছে। তবে আমার বিশ্বাস দর্শকের আমার অভিনয় ভালো লাগবে।”

তিনি আরও বলেন, “আমার বিশ্বাস এমন গল্পের সিনেমা এর আগে ঢাকাই সিনেমাপ্রেমীরা দেখেননি। দর্শকেরা পর্দায় সুমনের সঙ্গে আমার এক অন্যরকম রসায়ন দেখতে পাবেন। নিঃসন্দেহে ‘রুদ্র: দ্য স্টোরি অফ আ গ্যাংস্টার’ সিনেমাটি তারা উপভোগ করবেন।”

এক রক তারকাকে কেন্দ্র করে গড়ে উঠেছে ‘রুদ্র: দ্য স্টোরি অফ আ গ্যাংস্টার’ সিনেমায় গল্প। গানের শিল্পী থেকে সন্ত্রাসীতে পরিণত হওয়ার গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। পরিচালনা ছাড়াও সিনেমার কাহিনি, চিত্রনাট্য, চিত্রগ্রহণ ও প্রযোজনা করেছেন সায়েম জাফর ইমামী নিজেই।

নিজের সিনেমা প্রসঙ্গে নির্মাতা সায়েম জাফর ইমামী গ্লিটজকে বললেন, “বাংলাদেশে অনেকেই অ্যাকশনধর্মী সিনেমা নির্মাণ করলেও ‘রুদ্র: দ্য স্টোরি অফ আ গ্যাংস্টার’ কারিগরী দিক থেকে অন্য সিনেমাগুলোকে ছাপিয়ে যাবে। এছাড়াও সিনেমার গানে নিরীক্ষা চালানোর পাশাপাশি এক ধরণের ফিউশন রাখার চেষ্টা করেছি। বলতে গেলে ঢাকাই সিনেমাপ্রেমীদের নতুনত্বের স্বাদ দেওয়ার চেষ্টা করেছি।”

তিনি আরও বলেন, “এই সিনেমায় তরুণদের মধ্যে আমরা যারা কাজ করেছি তারা নিজেদের সবটুকু দিয়েই একটি ভালো সিনেমা নির্মাণের জন্য চেষ্টা করেছে। এখন বাকিটা নির্ভর করছে দশর্কের উপর। আমরা যতোই নিজেদের কাজকে ভালো বলি না কেন, আসল মূল্যায়ন তো আমরা দশর্কের কাছ থেকেই পাবো।”

সিনেমাতে আরো অভিনয় করেছেন আহমেদ শরীফ, শতাব্দী ওয়াদুদ, ডন, আমির সিরাজী, সিরাজ হায়দার প্রমুখ।