Published : 08 Feb 2026, 07:17 PM
ত্রয়োদশ সংসদ নির্বাচনে সিলেট মহানগর পুলিশের ছয়টি থানায় ৯৫টি ‘ঝুকিপূর্ণ’ ভোটকেন্দ্র রয়েছে। পুলিশের ভাষায় এ কেন্দ্রগুলো ‘অধিক গুরুত্বপূর্ণ’।
সিলেটের ছয়টি আসনে মোট ১ হাজার ১৬টি ভোটকেন্দ্র রয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নগর পুলিশের সব থানায় ৯৫টি অধিক গুরুত্বপূর্ণ, ১৩৪টি গুরুত্বপূর্ণ ও সাধারণ ৬৫টি কেন্দ্র রয়েছে।
অর্থাৎ নগর পুলিশের আওতায় ভোটকেন্দ্র রয়েছে ২৯৪টি।
তিনি বলেন, “এই ভোটকেন্দ্রগুলোতে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’’
মাহনগর ও জেলা পুলিশ বলছে, সিলেট জেলায় ছয়টি নির্বাচনি আসন রয়েছে। এর মধ্যে সিটি করপোরেশন ও সদর উপজেলা নিয়ে গঠিত সিলেট-১ আসন নগর পুলিশের ছয়টি থানায় পড়েছে।
আর সিলেট-৩ আসনে তিনটি উপজেলার মধ্যে দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র নগর পুলিশের দুটি থানায় আওতায় রয়েছে।
এছাড়াও সিলেট-২, ৪, ৫, ৬ ও ৩ আসনের দুটি উপজেলাসহ বাকি ভোট কেন্দ্রগুলো জেলা পুলিশের আওতাধীন।
গত ৭ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়, মহানগরীর ‘অধিক গুরুত্বপূর্ণ’ কেন্দ্রগুলোতে চারজন করে অস্ত্রসহ পুলিশ, দুইজন অস্ত্রধারী আনসার, প্রতি কেন্দ্রে লাঠিসহ ১০ জন পুলিশ ও মহিলা আনসার মোতায়েন থাকবে। এছাড়া ‘গুরুত্বপূর্ণ’ ও ‘সাধারণ’ কেন্দ্রগুলোতে থাকবে তিনজন করে অস্ত্রধারী পুলিশ, দুইজন অস্ত্রধারী আনসার, প্রতি কেন্দ্রে লাঠিসহ ১০ জন পুলিশ ও নারী আনসার মোতায়েন থাকবে।
সিলেট জেলা পুলিশের গণমাধ্যম কর্মকর্তা মো. সম্রাাট তালুকদার বলেন, ‘‘পরিপত্র অনুযায়ী দুরত্ব, ভোটারের সংখ্যা ও দুর্গম এলাকার কারণে ১০৩টি কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে নেওয়া হয়েছে। আর জেলার ৬১৯টি কেন্দ্রকে ‘সাধারণ’ কেন্দ্র ধরা হয়েছে।
“প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করা হবে।’’