Published : 08 Feb 2026, 07:55 PM
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে সোম ও মঙ্গলবার অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
সেখানে বলা হয়, “আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার্থে আগামী ৯ ও ১০ ফেব্রুয়ারি সোম ও মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস অনলাইনে হবে।”
ভোটের আগে মঙ্গলবার সব বিভাগ ও ইনস্টিটিউটের পরীক্ষা আগেই স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক হিমাদ্রি শেখর চক্রবর্তী এক বিজ্ঞপ্তিতে বলেছেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ ভোটকেন্দ্রে উপস্থিতির সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে” অভ্যন্তরীণ সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে ‘অধিভুক্ত/উপাদানকল্প কলেজ/ইনস্টিটিউট’ এর পরীক্ষা নির্ধারিত সময়সূচিতেই হবে।
স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউটের প্রস্তাব অনুযায়ী পরে জানিয়ে দেওয়ার কথা বলেছে কর্তৃপক্ষ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ফেব্রুয়ারি দুই দিন সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে।