Published : 08 Feb 2026, 06:41 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলার দুর্গম চরাঞ্চলে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে নৌবাহিনীর সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে বলে বাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান জানিয়েছেন।
তিনি বলেছেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নৌবাহিনী কাজ করছে। বিশেষ করে দ্বীপজেলা ভোলার দুর্গম চরাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌবাহিনীর পক্ষ থেকে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।
“প্রস্তুত রাখা হয়েছে হেলিকপ্টার। প্রয়োজনে নৌবাহিনী ও বিমানবাহিনী যৌথভাবে হেলিকপ্টার ব্যবহার করার প্রস্তুতি নেওয়া হয়েছে।”
রোববার দুপুরে নৌবাহিনী প্রধান ভোলা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন নাজমুল হাসান।
জানুয়ারির ২০ তারিখ থেকে নির্বাচনের দুই তিনদিন পরেও নৌবাহিনী মোতায়েন থাকবে বলে জানান তিনি।
এর আগে নৌবাহিনী প্রধান জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে নির্বাচনের সার্বিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি বিষয়ে জেলার বিভিন্ন দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় জেলা প্রশাসক ডাক্তার শামীম রহমান, পুলিশ সুপার কাওসার আহমেদসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।