তানভিরের ৫ উইকেট
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Feb 2021 05:54 PM BdST Updated: 27 Feb 2021 02:12 PM BdST
-
আয়ারল্যান্ড ‘এ’ দলকে প্রথম ইনিংসে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল।
দুর্দান্ত পারফরম্যান্সে মাঠে উপস্থিত প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের নজর কাড়লেন তানভির ইসলাম। প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ার সেরা বোলিংয়ে নিলেন ৫ উইকেট। বাঁ হাতি স্পিনে গুঁড়িয়ে দিলেন আয়ারল্যান্ড ‘এ’ দলকে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে একমাত্র চার দিনের ম্যাচের প্রথম দিন আইরিশ ‘এ’ দলকে ১৫১ রানে গুটিয়ে দিয়ে ব্যাটিং করছে বাংলাদেশ ইমার্জিং দল। তানজিদ হাসান তামিমকে হারিয়ে স্বাগতিকরা দিন শেষ করেছে ৮১ রান নিয়ে। সাইফ হাসান ২২ ও মাহমুদুল হাসান জয় ১৮ রানে ব্যাট করছেন।
‘উলভস’ নামে পরিচিত আয়ারল্যান্ড ‘এ’ দলকে দেড়শ পেরুতেই থামিয়ে দেওয়ার মূল কারিগর তানভির। ৫৫ রানে নেন ৫ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে বাঁহাতি এই স্পিনারের আগের সেরা ৪/২৯।
বল হাতে অবদান আছে পেসার ইবাদত হোসেন ও অধিনায়ক সাইফেরও। দুই জনেরই প্রাপ্তি দুটি করে উইকেট। খালেদ আহমেদও বেশ ভালো করেছেন; ১৫ ওভারে ২০ রান দিয়ে নিয়েছেন এক উইকেট।
৮ ওভারে ২০ রান দিয়ে উইকেটশূন্য লেগ স্পিনার রিশাদ হোসেন।
টস জিতে শুক্রবার ব্যাটিংয়ে নামা সফরকারীরা শুরুটা ভালোই করেছিল। তাদের উদ্বোধনী জুটি ভাঙে ১৫তম ওভারে। জেমস ম্যাককলামকে এলবিডব্লিউ করেন তানভির।
এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। মাঝে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষিক্ত কার্টিস ক্যাম্পার ও লর্কান টাকার পঞ্চম উইকেটে দলের হাল ধরেন কিছুক্ষণ। অফ স্পিনে টাকারকে ফিরিয়ে তাদের ৪৯ রানের প্রতিরোধ ভাঙেন সাইফ।
পরে তিনি ফেরান উলভসের সর্বোচ্চ ৩৮ রান করা ক্যাম্পারকেও। গ্রাহাম হুমেকে ফিরিয়ে আইরিশদের ইনিংসের ইতি টানেন তানভির, সঙ্গে পূর্ণ করেন ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট।
ব্যাটিংয়ে নেমেই আক্রমণ শুরু করেন তানজিদ। হুমের করা ইনিংসের চতুর্থ ওভারে ৪টি চার মারেন বাঁহাতি এই ব্যাটসম্যান। একই বোলারের পরের ওভারে আবারও হাঁকান দুটি বাউন্ডারি।
তানজিদকে থামান টেক্টর। ৩৯ বলে ৮ চারে ৪১ রান করে ফেরেন এই ওপেনার। ভাঙে সাইফের সঙ্গে তার ৫০ রানের উদ্বোধনী জুটি।
আরেক প্রান্তে অধিনায়ক সাইফ খেলতে থাকেন দেখেশুনে। অভিষিক্ত মাহমুদুলও দলকে আর বিপদে পড়তে দেননি। অবিচ্ছিন্ন থেকে মাঠ ছাড়েন দুইজন।
সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড এ দল ১ম ইনিংস: ৬৭ ওভারে ১৫১ (ম্যাককলাম ১৯, ললোর ১৩, ডোহেনি ১৪, টেক্টর ০, ক্যাম্পার ৩৮, টাকার ২০, অ্যাডায়ার ৯, ডেলানি ৫, হুমে ১০, গার্থ ০, চেইস ১৪*; খালেদ ১৫-৫-২০-১, এবাদত ১৪-৪-৩২-২, তানভির ২৩-৮-৫৫-৫, রিশাদ ৮-১-২০-০, সাইফ ৭-২-১৫-২)।
বাংলাদেশ ইমার্জিং দল ১ম ইনিংস: ২৩ ওভারে ৮১/১ (সাইফ ২২*, তানজিদ ৪১, মাহমুদুল ১৮*; অ্যাডায়ার ৫-৪-৫-০, হুমে ৩-০-৩৫-০, টেক্টর ৮-১-২৪-১, চেইস ৪-২-৯-০, গার্থ ৩-০-৮-০)।
-
উইলিয়ামসনকে টপকে শীর্ষে ফিরলেন স্মিথ
-
প্রিমিয়ার লিগে প্রথম সুপার ওভার, জিতল মোহামেডান
-
২ ওভারে ৫ উইকেট নিয়েও পরাজিত দলে আনিসুল
-
ম্যাড়ম্যাড়ে ম্যাচে আলাউদ্দিনের আলো
-
বাংলাদেশে আসছেন না কামিন্স-ওয়ার্নার-ম্যাক্সওয়েলরা
-
‘সাকিব কাণ্ডের নেপথ্যের ঘটনা তদন্ত কমিটি বের করবে’
-
ছায়া জাতীয় দলের ভাবনায় বিসিবি
-
চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের চেষ্টায় বিসিবি
সর্বাধিক পঠিত
- হুমেলসের আত্মঘাতী গোলে জিতল ফ্রান্স
- ওমানের কাছে হেরে বাছাই শেষ বাংলাদেশের
- ১ ম্যাচেই রোনালদোর ৩ রেকর্ড
- পুলিশ ‘ম্যাজিকের মত’ কাজ করেছে: পরীমনি
- কোপা আমেরিকার সূচি
- কোভিড: দেশে ৫৩ দিনের মধ্যে সর্বাধিক রোগী শনাক্ত
- ছায়া জাতীয় দলের ভাবনায় বিসিবি
- বাংলাদেশে আসছেন না কামিন্স-ওয়ার্নার-ম্যাক্সওয়েলরা
- রোনালদোর জোড়া গোলে পর্তুগালের স্বস্তির জয়
- উরুগুয়ের বিপক্ষে জিততেই হবে: মেসি





