১১ ধাপ এগোলেন লিটন, ৫ ধাপ করে তামিম-তাইজুল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Feb 2021 04:29 PM BdST Updated: 17 Feb 2021 06:51 PM BdST
-
(বাঁ থেকে) তামিম ইকবাল, লিটন দাস, তাইজুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে ব্যক্তিগত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তামিম ইকবাল, লিটন দাস ও তাইজুল ইসলাম। আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের এই তিন জনের।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ টেস্ট ও ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট শেষে বুধবার র্যাঙ্কিং প্রকাশ করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
চট্টগ্রাম টেস্টে দুই ইনিংসেই দুই অঙ্ক ছুঁতে না পারা তামিম ঢাকা টেস্টে আগ্রাসী ব্যাটিংয়ে খেলেন ৪৪ ও ৫০ রানের ইনিংস। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়ে বাংলাদেশ ওপেনার আছেন ৩২তম স্থানে।
লিটন ব্যাট হাতে ধারাবাহিকতা ধরে রেখেছেন। চট্টগ্রাম টেস্টের পর ঢাকা টেস্টেও করেছেন ফিফটি। প্রথম ইনিংসে ৭১ রান করা কিপার-ব্যাটসম্যান দ্বিতীয় ইনিংসে অবশ্য ভালো করতে পারেননি, করেন ২২ রান। তবে র্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়েছেন তিনি। ৫০৭ রেটিং পয়েন্ট নিয়ে আছেন ৫৪ নম্বরে। রেটিং ও অবস্থান দুটোই তার ক্যারিয়ার সেরা।
মুশফিকুর রহিম এক ধাপ নিচে নেমে ২৩তম স্থানে। মমিনুল হকেরও অবনতি হয়েছে, ৩৩ থেকে এখন ৩৬ নম্বরে বাংলাদেশ অধিনায়ক।
ক্যারিবিয়ানদের বিপক্ষে ঢাকায় দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে ৮ উইকেট নেন তাইজুল। বোলারদের র্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়ে তিনি এখন ২২ নম্বরে।
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের মধ্যে উন্নতি হয়েছে এনক্রুমা বনার, কাইল মেয়ার্স ও জশুয়া ডি সিলভার। বাংলাদেশকে গুঁড়িয়ে দেওয়া দলটির স্পিনার রাকিম কর্নওয়াল বোলারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন ১৬ ধাপ। জোমেল ওয়ারিক্যান ৩ ধাপ উপরে উঠেছেন।
ব্যাটসম্যানদের মধ্যে চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টে ১৬১ রানের ইনিংস খেলা রোহিত শর্মা ৯ ধাপ এগিয়ে আছেন ১৪ নম্বরে। রিশাব পান্ত উপরে উঠেছেন দুই ধাপ, ক্যারিয়ার সেরা ১১তম স্থানে ভারত কিপার-ব্যাটসম্যান। দ্বিতীয় ইনিংসে দারুণ এক সেঞ্চুরি উপহার দেওয়া রবিচন্দ্রন অশ্বিন এগিয়েছেন ১৪ ধাপ।
ভারতের বিপক্ষে রেকর্ড ব্যবধানে হারা ম্যাচে ভালো করতে পারেননি জো রুট। ইংলিশ অধিনায়ক হারিয়েছেন তৃতীয় স্থান। তিনি এক ধাপ নিচে নেমে যাওয়ায় তিনে ফিরেছেন মার্নাস লাবুশেন। শীর্ষ দুইয়ে যথারীতি আছেন কেন উইলিয়ামসন ও স্টিভেন স্মিথ। আগের মতোই পাঁচে বিরাট কোহলি।
সেরা দশে থাকা চেতেশ্বর পুজারা (অষ্টম) ও বেন স্টোকস (দশম) এক ধাপ করে নিচে নেমে যাওয়ায় উপরে উঠে এসেছেন হেনরি নিকোলস (সপ্তম) ও ডেভিড ওয়ার্নার (নবম)।
ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে উইকেট শূন্য ছিলেন স্টুয়ার্ট ব্রড। এর প্রভাব পড়েছে তার র্যাঙ্কিংয়ে। চার ধাপ নিচে নেমে এখন তিনি ৬ নম্বরে।
এতে দুই ধাপ উন্নতি হয়েছে নিল ওয়্যাগনারের, এখন তিনি দুইয়ে। এক ধাপ করে এগিয়ে জশ হেইজেলউড চার ও টিম সাউদি পাঁচ নম্বরে। শীর্ষে আগের মতোই আছেন প্যাট কামিন্স। তৃতীয় স্থান ধরে রেখেছেন জেমস অ্যান্ডারসন। মিচেল স্টার্ক ঢুকেছেন সেরা দশে।
অভিষেকে পাঁচ উইকেট নিয়ে আকসার প্যাটেল ঢুকেছেন র্যাঙ্কিংয়ে। ইংল্যান্ডের জ্যাক লিচ ও অলি স্টোন উন্নতি করেছেন।
ব্যাট-বল হাতে নিজেকে মেলে ধরতে না পারা স্টোকস হারিয়েছেন অলরাউন্ডাদের র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান। দুই ধাপ নিচে নেমে তিনি এখন তিনে। এক ধাপ করে এগিয়ে চূড়ায় জেসন হোল্ডার ও দুইয়ে রবীন্দ্র জাদেজা। চার নম্বরে আগের মতোই সাকিব আল হাসান। সেঞ্চুরিসহ ম্যাচে ৮ উইকেট নেওয়া অশ্বিন ঢুকেছেন সেরা পাঁচে।
-
উইলিয়ামসনকে টপকে শীর্ষে ফিরলেন স্মিথ
-
প্রিমিয়ার লিগে প্রথম সুপার ওভার, জিতল মোহামেডান
-
২ ওভারে ৫ উইকেট নিয়েও পরাজিত দলে আনিসুল
-
ম্যাড়ম্যাড়ে ম্যাচে আলাউদ্দিনের আলো
-
বাংলাদেশে আসছেন না কামিন্স-ওয়ার্নার-ম্যাক্সওয়েলরা
-
‘সাকিব কাণ্ডের নেপথ্যের ঘটনা তদন্ত কমিটি বের করবে’
-
ছায়া জাতীয় দলের ভাবনায় বিসিবি
-
চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের চেষ্টায় বিসিবি
সর্বাধিক পঠিত
- হুমেলসের আত্মঘাতী গোলে জিতল ফ্রান্স
- ওমানের কাছে হেরে বাছাই শেষ বাংলাদেশের
- পুলিশ ‘ম্যাজিকের মত’ কাজ করেছে: পরীমনি
- ১ ম্যাচেই রোনালদোর ৩ রেকর্ড
- কোপা আমেরিকার সূচি
- কোভিড: দেশে ৫৩ দিনের মধ্যে সর্বাধিক রোগী শনাক্ত
- ছায়া জাতীয় দলের ভাবনায় বিসিবি
- বাংলাদেশে আসছেন না কামিন্স-ওয়ার্নার-ম্যাক্সওয়েলরা
- উরুগুয়ের বিপক্ষে জিততেই হবে: মেসি
- রোনালদোর জোড়া গোলে পর্তুগালের স্বস্তির জয়





