৬ মাস বাড়ল ভোট পর্যবেক্ষক সংস্থার মেয়াদ
নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর নিবন্ধনের মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার কমিশন সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানান ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান।
তিনি বলেন, “গত জানুয়ারিতে শতাধিক সংস্থার নিবন্ধনের মেয়াদ শেষ হয়েছিল। মঙ্গলবার তাদের মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে কমিশন। এর মধ্য দিয়ে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণে সংস্থাগুলোর বাধা কেটে গেল।”
নতুন করে নিবন্ধন দেওয়া বা একাদশ সংসদ নির্বাচনের আগে আরেক দফা মেয়াদ বাড়ানো হবে কি না- তা পরবর্তীতে সিদ্ধান্ত হবে বলে জানান এ কর্মকর্তা।
২০১১ সালে ১২০টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়। পাঁচ বছর নিবন্ধনের মেয়াদ শেষ হয় ২০১৬ সালের জানুয়ারিতে।পরবর্তীতে কমিশন তা আরও একবছর বাড়ানোর পর মেয়াদ শেষ হয়।
