Published : 08 Jun 2026, 10:43 PM
এফসিপিএস প্রশিক্ষণসংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহার, স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়নসহ ছয় দাবিতে দুদিন ধরে কর্মবিরতি পালন করা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন।
সোমবার রাত ৯টা ৪০ মিনিটে চমেকের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কর্মবিরতি আগামী এক সপ্তাহের জন্য স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
সংগঠনটির দপ্তর সম্পাদক ইরফানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধিদের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের আলোচনা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমরা কর্মবিরতি স্থগিত করেছি।
“মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী সাতদিনের জন্য আমাদের কর্মসূচি স্থগিত করা হল। দেশের অন্যান্য স্থানেও হয়ত কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত আসবে।”
রোববার সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন তারা। সোমবারও তাদের কর্মবিরতি অব্যাহত ছিল।
সম্প্রতি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এফসিপিএস ট্রেনিং বিষয়ক কিছু সিদ্ধান্ত গ্রহণ করে। সেখানে ঢাকা মেডিকেল ও সোহরাওয়ার্দী হাসপাতালের কিছু বিভাগে নতুন পদায়ন বন্ধ, উপজেলায় দুই বছর বাধ্যতামূলক সেবাদান এবং মেধাভিত্তিক সীমিত ভাতার বিধান রাখা হয়।
ইন্টার্ন চিকিৎসকদের ছয় দফা দাবির মধ্যে আছে- স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের গত ১৯ মে জারি করা এফসিপিএস প্রশিক্ষণসংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহার করে নতুন নির্দেশনা দেওয়া, স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে তা বাস্তবায়ন, ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণ এবং সরকারি চিকিৎসকদের জন্য পৃথক বেতনকাঠামো প্রণয়ন।
এ ছাড়া বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ, বিএমডিসি আইন-২০২৫ কে অধ্যাদেশের পরিবর্তে পূর্ণাঙ্গ আইনে রূপান্তর এবং ভুয়া চিকিৎসক পরিচয়দানকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়।
পাশাপাশি বিএমডিসি ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন সব ভর্তি পরীক্ষার ফি এক হাজার টাকার মধ্যে নির্ধারণের দাবিও জানানো হয়।
এসব দাবিতে গত বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।
ইন্টার্ন ডাক্তারদের দাবির প্রেক্ষিতে সবশেষ বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ মে মন্ত্রণালয় থেকে নীতিমালা জারির পর সৃষ্ট পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং বিসিপিএস কর্তৃপক্ষের মধ্যে আলোচনা হয়।
আলোচনার ভিত্তিতে উপজেলায় প্রশিক্ষণ গ্রহণের শর্ত বাতিল করা হয়েছে। এছাড়া এফসিপিএস প্রথম পর্বে উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীরা এখন থেকে বিসিপিএস স্বীকৃত সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিলে প্রশিক্ষণ ভাতার আওতাভুক্ত হবেন।
কিন্তু সব দাবি পূরণ না হওয়ায় রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করে ইন্টার্ন ডাক্তাররা।
আরো পড়ুন-