‘সুন্দরবনের কোনো ক্ষতি শেখ হাসিনা করবে না’
রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতার পেছনে অন্য উদ্দেশ্য রয়েছে দাবি করে শেখ হাসিনা বলেছেন, তার সরকার পরিবেশের জন্য ক্ষতিকর কিছু করবে না।
পরিবেশবাদীদের বিরোধিতার মধ্যে শনিবার রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিস্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।
ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে বাগেরহাটের রামপালে ‘মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট’ হচ্ছে। শনিবার কুষ্টিয়ার ভেড়ামারায় ভারতের বিদ্যুৎ আমদানির জন্য সঞ্চালন উপকেন্দ্র উদ্বোধনের সঙ্গে এই প্রকল্পেরও ভিত্তিস্থাপন হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভেড়ামারার অনুষ্ঠানে ছিলেন। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দেন। তার প্রতিনিধি হিসেবে ভেড়ামারায় ছিলেন ভারতের বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ফারুক আবদুল্লাহ।
সুন্দরবনের ১৪ কিলোমিটার দূরে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরোধিতা করে বাম সমর্থিত তেল-গ্যাস রক্ষা কমিটি সম্প্রতি লংমার্চ করেছে। প্রধান বিরোধী দল বিএনপিও এ প্রকল্প নিয়ে আপত্তি জানিয়ে আসছে।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যে মনমোহন সিংও সুন্দরবনের কাছে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে পরিবেশগত ক্ষতি এড়াতে বলেছেন।
শেখ হাসিনা বলেন, “কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের জন্য অনেকে আন্দোলন করছে, চিৎকার করছে। এটা যারা করছে তাদের বলছি, বড়পুকুরিয়ায় কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প হয়ে গেছে। সেখানে কি কোনো ক্ষতি হয়েছে?”
“রামপালের জন্য এই আন্দোলন কেন, সেটা ভেবে দেখা দরকার। বিরোধিতার উদ্দেশ্য কী, তা বের করা দরকার।”
“যারা রামপাল নিয়ে চেঁচামেচি করে মানুষকে বিভ্রান্ত করছে; তাদের বলছি, রামপালের জন্য সুন্দরবনের ক্ষতি হবে না। দেশের ক্ষতি করে কোনো কাজ শেখ হাসিনা করবে না।”
লংমার্চকারী তেল-গ্যাস রক্ষা কমিটি বলছে, সুন্দরবনের কাছাকাছি হওয়ায় এ প্রকল্প থেকে দূষণে বনের পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি হবে। ফলে জীববৈচিত্র্য নষ্ট হয়ে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ঝুঁকির মুখে পড়বে।
শেখ হাসিনা বলেন, “তারা লংমার্চ করেছে, আমি বাধা দেইনি। আমি বলেছি, সেখানে গিয়ে দেখে আসুক। দরকার হলে বনের ভেতর যাক।”
দিনাজপুরের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কথা তুলে ধরে তিনি বলেন, “বড় পুকুরিয়ায় ফসল হয়। বছরে তিন দফায় ফসল হয়, সেখানে গাছপালা রয়েছে। সেখানে কি কোনো ক্ষতি হয়েছে?”
বড় পুকুরিয়ায় ২৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার দুটি ইউনিটের বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যেখানে আরেকটি ২৫০ মেগাওয়াটের ইউনিট স্থাপনের কাজ শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের বিদ্যুৎ সঙ্কট নিরসনে ইতোমধ্যে ১৩টি কয়লাভিত্তিক কেন্দ্র নির্মাণের কাজ হাতে নেয়া হয়েছে। মহেশখালী ও চট্টগ্রামে ১৩২০ মেগাওয়াটের আরো দুটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হবে।
মালয়শিয়া ও চীনের সঙ্গেও যৌথভাবে দুটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কথা চলছে জানিয়ে আন্দোলনকারীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, “তখন চেঁচামেচি করে কি না, তা দেখার বিষয়।”
সুন্দরবন রক্ষায় আওয়ামী লীগ সরকারের পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, “আমার সরকারই সুন্দরবন রক্ষায় একে বিশ্ব ঐতিহ্যে স্থান হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করে। উপকূলীয় বনায়নসহ সারাদেশে কোটি কোটি গাছের চারা রোপণের ব্যবস্থা আমরাই করেছি। বনভূমি বাড়ানোর পদক্ষেপ নিয়েছি।”
