০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

‘সরকারের সুস্পষ্ট বক্তব্য না এলে অনশন চলবে’

জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের ব্যাপারে সরকারের সুস্পষ্ট বক্তব্য না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবে শহীদ রুমি স্কোয়াড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2013, 06:18 AM

Updated : 23 Aug 2022, 10:29 AM

সোমবার ভোরে প্রবল ঝড়-বৃষ্টিতে শাহবাগে লণ্ডভণ্ড হয়ে যাওয়া মঞ্চ ঠিকঠাক করে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন অনশনকারীরা।

রুমি স্কোয়াডের মুখপাত্র সেঁজুতি শোণিমা নদী বলেন, “সরকারের কাছ থেকে প্রতিশ্রুতি নয় বরং জামায়াত নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট বক্তব্য পেলেই কেবল অনশন স্থগিত করা হবে। এছাড়া কোনোভাবেই অনশন থামবে না।”

সেঁজুতি শোণিমা নদী জানান, ভোরের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় অনশনস্থল। প্রবল বৃষ্টিতে চাদর-তোষক-বালিশ, ওষুধসহ সব ভিজে যায়। অনশনস্থলে পানি জমে যায়। এ সময় বৈদুতিক শর্টসার্কিট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন সেচ্ছাসেবক রহমান রায়হান। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান নদী।

“পানিতে ভেজা কাপড়, চাদর-তোষক শুকোতে শুকোতে প্রায় সকাল ৮টা বেজে যায়। এ সময় ভ্যাপসা গরম ও গুমোট পরিস্থিতিতে অসুস্থ হয়ে পড়েন শেউতি শাহগুফতাসহ আরো কয়েকজন অনশনকারী।”

সকালে অনশনস্থলে ঘুরে দেখা যায়, রুমি স্কোয়াডের স্বেচ্ছাসেবক দল লণ্ডভণ্ড মঞ্চ ঠিকঠাক করার চেষ্টা করছেন।

দুপুরে গণজাগারণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার অনশনকারীদের শারিরিক অবস্থার খোঁজ নিতে অনশনস্থলে আসেন।

শহীদ রুমি স্কোয়াডের সমন্বয়ক সাদাত হাসান নিলয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রায় দেড়শ’ সংগঠন এ অনশনে সংহতি জানালেও সরকারের পক্ষ থেকে এখনো কোন বক্তব্য প্রদান করা হচ্ছে না।”

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকার ভোটের রাজনীতিতে বিশ্বাস করে তাই ধর্মান্ধদের ভোট ব্লগারদের থেকে বেশি হওয়ায় তারা জামায়াতকে নিষিদ্ধে উদাসিন মনোভাব দেখাচ্ছে।”

জামায়াত নিষিদ্ধের দাবিতে গত ২৬ মার্চ থেকে শাহবাগে অনশন করছেন শহীদ রুমী স্কোয়াডের সদস্যরা। অনশনের একশ ঘন্টা পুরন হওয়ায় শনিবার রাত আড়াইটায় প্রধানমন্ত্রীকে একটি খোলা চিঠি দেওয়া হয়।

জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে আমরণ অনশনের একশ’ ঘণ্টা পেরোনোর পর শনিবার রাত আড়াইটায় এ বিষয়ে প্রধানমন্ত্রীর পদক্ষেপ চেয়ে ই-মেইলে একটি খোলা চিঠি পাঠায় শহীদ রুমি স্কোয়াড।

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনির্দিষ্ট নির্দেশনা ও সুস্পষ্ট বক্তব্য জানতে চাওয়া হয়েছে চিঠিতে।

পুরনো খবর:

প্রধানমন্ত্রীর ‘সাড়া’ চেয়ে খোলা চিঠি
‘হয় মুক্তি, নয় মৃত্যু’