কোভিড আক্রান্ত অন্তঃসত্বাদের জন্য হাসপাতালে পরিচর্যা কেন্দ্রের নির্দেশনা চেয়ে আদালতে আবেদন
নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Aug 2021 10:41 PM BdST Updated: 01 Aug 2021 10:41 PM BdST
করোনাভাইরাসে আক্রান্ত অন্তঃসত্বা নারীদের যত্ন এবং যথাযথ চিকিৎসায় দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে বিশেষ পরিচর্যা কেন্দ্রের ব্যবস্থা করার নির্দেশনা চেয়ে হাই কোর্টে রিট আবেদন হয়েছে।
এছাড়া প্রতি জেলার কোভিড-১৯ চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালগুলোতে হাইফ্লো নেইজাল ক্যানুলার মতো প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ পর্যাপ্ত অক্সিজেন, যথাযথ সেবা ও স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহের নির্দেশনাও চাওয়া হয়েছে এই আবেদনে।
মানবাধিকার ও আইনি সহায়তাকারী সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পক্ষে রোববার আবেদনটি আদালতের সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়া হয়েছে।
কোভিড-১৯ আক্রান্তদের যথাযথ যত্ন ও চিকিৎসা নিশ্চিত করতে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে পর্যাপ্ত সংখ্যক শয্যার ব্যবস্থা করতে বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, সেই রুল চাওয়া হয়েছে রিট আবেদনে।
সেই সঙ্গে কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালসহ দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে পর্যাপ্ত সংখ্যক শয্যা বাড়ানোর পাশাপাশি সরকারি তত্ত্বাবধানে কোভিড-১৯ চিকিৎসার জন্য আরও হাসপাতালের ব্যবস্থা করতে এবং তা করতে ব্যর্থ হলে বিবাদীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, এই রুলও চাওয়া হয়েছে।
আবেদনে স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদি করা হয়েছে।
গত বুধবার বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তারের মৃত্যু হয়।
এই বিচারক সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গত ১২ জুলাই তার করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। চার দিন পর তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে জানিয়েছিলেন হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুল ইসলাম।
এছাড়া গত শুক্রবার কুষ্টিয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রহিমা খাতুনের (৩৬)। ওইদিন রাতে জন্ম নেওয়া মৃত সন্তানের লাশ দাফনের ঘণ্টা দুয়েকের মাথায় মারা যান তিনি। সাত মাসের অন্তঃসত্ত্বা রহিমা খাতুনের মৃত্যুর এক সপ্তাহ আগে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছিল।
এর আগে গত ১৪ জুলাই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক রিমন সরকারের স্ত্রী নবনীতা সরকার মিতু (২৮)। নবনীতা ৩১ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন।
রিমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শ্বাসকষ্ট শুরু হলে ১২ জুলাই নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয় নবনীতাকে। ওইদিন কোভিড টেস্ট করালে পজিটিভ আসে। অক্সিজেন লেভেল কমতে থাকায় সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে সিট ছিল না। যে কারণে সিসিইউতে রেখেই নবনীতার চিকিৎসা চলছিল। ১৪ জুলাই ভোরে তার মৃত্যু হয়।”
রিট আবেদনকারী পক্ষের আইনজীবী মো. শাহীনুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোভিড রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালসহ দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে শয্যা সঙ্কট, কোভিড আক্রান্ত হয়ে অন্তঃসত্বা নারীর মৃত্যু সংক্রান্ত কয়েকটি প্রকাশিত খবর প্রতিবেদন যুক্ত করে রিট আবেদনটি করা হয়েছে।
“এর আগে গত ১১ জুলাই বিবাদিদের লিগ্যাল নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু তাদের কাছ থেকে কোনো জবাব আসেনি।”
বিচারপতি এম ইনায়েতুর রহিমের একক হাই কোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে জানিয়ে তিনি বলেন, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নাসহ আসকের আইনজীবীরা শুনানি করবেন।
-
সেলিম প্রধানের বিচার নিয়ে আদেশ ৩১ অক্টোবর
-
টেকনিশিয়ানের স্বীকৃতি চান মোবাইল ফোন মেরামতকারীরা
-
বিমানবন্দরে প্রবাসীদের ‘টার্গেট’ করে ডাকাতি, গ্রেপ্তার ৩
-
‘দাঙ্গা লাগিয়ে’ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করাই ছিল তাদের উদ্দেশ্য: তাজুল
-
২০ বিশ্ববিদ্যালয়ের ‘গুচ্ছ’ ভর্তি পরীক্ষা শুরু
-
কাকরাইলে সংঘর্ষ: দুই মামলায় ৪ হাজার আসামি
-
খিলক্ষেতের বাসায় তরুণ চিকিৎসকের লাশ
-
তিন দিনে ৭০ পূজামণ্ডপে হামলা: ঐক্য পরিষদ
সর্বাধিক পঠিত
- ফেইসবুকের নিষিদ্ধ তালিকায় ‘বাংলাদেশ সংশ্লিষ্ট’ সাত নাম
- ফেনীতে ব্যাপক সংঘর্ষ, দোকান ভাংচুর, ওসিসহ আহত ৪০
- নোয়াখালীর হামলার পরদিন মন্দিরের পাশের পুকুর থেকে লাশ উদ্ধার
- সংখ্যালঘুদের ‘দেশ ছাড়া’ করতেই ‘পরিকল্পিত’ হামলা: রানা দাশগুপ্ত
- ‘ক্লিন ফিড’ নিয়ে বাংলাদেশে ফিরল জি বাংলা
- রোমাঞ্চকর লড়াইয়ে ইউনাইটেডকে হারাল লেস্টার, জিতল ম্যানসিটি
- মাগুরায় ৪ খুন: আতঙ্কে গ্রাম ছাড়ছে মানুষ
- নেপালকে হারিয়ে সাফে ভারতের অষ্টম
- বাংলাদেশের ‘বৃত্ত ভাঙার’ বিশ্বকাপ শুরু স্কটিশ চ্যালেঞ্জ দিয়ে
- টিভি সূচি (রোববার, ১৭ অক্টোবর ২০২১)





