শীর্ষে থেকেই গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের প্রথম
লেগ শেষ করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। শুক্রবার ফেনীর ভাষা শহীদ সালাম
স্টেডিয়ামে ফেনী সকার ক্লাবকে ৩-১ গোলে হারানোর সুবাদে তাদের শীর্ষস্থান অক্ষুন্ন।
৮ ম্যাচ থেকে শেখ রাসেলের সংগ্রহ ১৯ পয়েন্ট।
ষষ্ঠ মিনিটেই মরোক্কান মিডফিল্ডার তারেক আল জানাবির দারুণ এক
ফ্রিকিকে এগিয়ে যায় শেখ রাসেল (১-০)।
২৬ মিনিটে মিডফিল্ডার সজীবের হেডে সমতা ফেরায় সকার ক্লাব (১-১)।
কিন্তু বিরতির ঠিক আগে আবার পিছিয়ে পড়ে স্বাগতিক দল। মামুনুল ইসলামের থ্রু ধরে
ফেডারেশন কাপ চ্যাম্পিয়নদের দ্বিতীয় বারের মতো এগিয়ে দেন জাহিদ হোসেন (২-১)।
শেষ বাঁশির তিন মিনিট আগে মামুনুলের একক প্রচেষ্টায় করা গোলে জয়
নিশ্চিত হয়ে যায় শেখ রাসেলের (৩-১)।