অনেক দিন ধরে ছন্দে না থাকলেও ভেনাস
উইলিয়ামস ৯টি গ্র্যান্ড স্লামের মেয়েদের এককে চ্যাম্পিয়ন। তাই মারিয়া শারাপোভার
বিপক্ষে ভেনাসের কঠিন লড়াইয়ের প্রত্যাশা ছিল টেনিস-ভক্তদের। তবে শুক্রবার অস্ট্রেলিয়ান
ওপেনের তৃতীয় রাউন্ডে মার্কিন প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি শারাপোভা। প্রতিযোগিতার
দ্বিতীয় বাছাই জিতেছেন অতি সহজে; ৬-১,৬-৩ গেমে।
পুরুষদের এককে সহজ জয় পেয়েছেন
‘হ্যাটট্রিক’ শিরোপার সামনে দাঁড়িয়ে থাকা নোভাক জোকোভিচও। চেক প্রজাতন্ত্রের রাদেক
স্তেপানেককে ৬-৪, ৬-৩, ৭-৫ গেমে হারিয়েছেন গত দুবারের চ্যাম্পিয়ন।
শীর্ষ বাছাই জোকোভিচের মতো সরাসরি সেটে
জিতেছেন চতুর্থ ও পঞ্চম বাছাই স্পেনের ডেভিড ফেরার ও চেক প্রজাতন্ত্রের টমাস
বার্দাইচও।
মেয়েদের এককে তৃতীয় রাউন্ডে জয় পেয়েছেন ২০১১
সালের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন ও ষষ্ঠ বাছাই চীনের লি না এবং পঞ্চম বাছাই জার্মানির
অ্যাঞ্জেলিক কেরবার।